রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বিতর্ক, বাতিলের দাবিতে সড়ক অবরোধ
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে অপহরণকারী, চাঁদাবাজ, বিবাহিত ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা এলাকা প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারী নেতাকর্মীদের অভিযোগ, নতুন কমিটি গঠনে ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। অপহরণকারী, চাদাঁবাজ ও বিবাহিতদের নিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় ছাত্রদল অর্থের বিনিময়ে এই কমিটি ঘোষণা করেছে বলেও অভিযোগ করেছে। ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির অর্থ সম্পাদক মো. হেলিম বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। চেয়েছিলাম একটি সম্মেলনের মাধ্যমে কমিটি হবে। যে কমিটি দিয়েছে তারা অনেকে বিবাহিত। যোগ্যদের কমিটিতে আনা হয় নাই। অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে কমিটি করতে হবে।
এদিকে সড়ক অবরোধ থেকে ছাত্রদল নেতাকর্মীদের সরাতে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির দফায় দফায় আলোচনা করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে। জেলা বিএনপি নেতাদের আশ্বাসে নতুন কমিটি বাতিলের ২৪ ঘণ্টা সময় দিয়ে দুপুর দুইটায় সড়ক ছাড়ে ছাত্রদল নেতাকর্মীরা।
এর আগে শনিবার (২ মে) অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
আরমান খান/কেএইচকে/এমএস