অপরিচিত দুই ব্যক্তির দেওয়া পার্সেল খুলতেই বিস্ফোরণ, ভ্যানচালক আহত
কুষ্টিয়া সদর উপজেলায় একটি পার্সেলে রাখা ‘বোমা’ বিস্ফোরণে নাসির শেখ (৫০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার লাহিনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ব্যাটারিসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আহত নাসির শেখ লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে ব্যাগে ভর্তি একটি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলে। পার্সেলটি হামিদুলের বাড়িতে নিয়ে গেলে তিনি নিতে অপরাগতা প্রকাশ করেন। এরপর পার্সেলটি নিয়ে পুনরায় লাহিনী বটতলা এলাকায় ফিরে আসেন হামিদুল। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে পার্সেল খুলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান তিনি। এরপর বাক্সটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়।

পার্সেলের বাক্স খুলতেই বিস্ফোরণের ঘটনা ঘটে/ছবি: সংগৃহীত
আহত ভ্যানচালক নাসির শেখ বলেন, যে দুজন পার্সেলটি আমাকে পৌঁছে দিতে বলেছেন আমি তাদের কাউকে চিনি না। তারা নিজেদের গাড়ির ড্রাইভার পরিচয় দিয়েছিল। আর হামিদুল ইসলামও গাড়ির ড্রাইভার। তারা একে অপরের পরিচিত বলেছিল। সবাইকে স্বাক্ষী রেখেই পার্সেলটি খুলেছিলাম। কাঠের বাক্সটি তখনি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে পাশের একটি ফলের দোকানের ফ্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাড়িচালক হামিদুল ইসলাম বলেন, রাতে ভ্যানচালক নাসির আমার বাড়িতে এসে ডাকাডাকি করে। বাইরে বের হয়ে আসলে বলে আপনার পার্সেল আছে। যেহেতু আমি কোনো অর্ডার দেইনি বা কে পাঠিয়েছে তাও জানি না। তাই পার্সেলটি ফিরিয়ে দেয়। হামিদুল দুজন ব্যক্তির নাম উচ্চারণ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জাগো নিউজকে বলেন, আহত একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্প্রিন্ট জাতীয় কিছুর আঘাতে তার শরীরের নিম্নাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিকভাবে ব্যাটারি বিস্ফােরণ উল্লেখ করা হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তবে কারা ঘটিয়েছে তাদের সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
এএমএস/এমএমকে