তথ্যমন্ত্রী

সংবাদমাধ্যমের জন্য নীতিমালা তৈরিতে পদক্ষেপ নেওয়া হয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৬ মে ২০২৬
মুন্সিগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী/ছবি: জাগো নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নৈরাজ্যপূর্ণ সংবাদমাধ্যমের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সংবাদমাধ্যম স্বাধীন থাকলে গণতন্ত্র সমৃদ্ধ হয়। সংবাদকর্মীদের সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি জবাবদিহিতার মধ্যে থাকবে। সরকারের সঙ্গে দরকষাকষির জন্য গণমাধ্যম হাতিয়ার হিসেবে ব্যবহার হলে সাংবাদিকতার মতো মহান পেশা বিপদগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সঙ্গে জড়িত সব সংগঠনের সঙ্গে কথা বলছি। সংবাদমাধ্যমের সঠিক নীতিমালা তৈরি করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদ মাধ্যমকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম। জনগণের অধিকার সঠিক ও সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে গণমাধ্যম যখন মিথ্যা তথ্য, বিকৃত তথ্য, অবৈধ সরকারের চুক্তি ভিত্তিক মনগড়া তথ্য, লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের সঙ্গে দরকষাকষির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার হয় তখন সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশ প্রেম ও নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন তারা বিপদগ্রস্ত হয়ে পড়েন।

মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী সরকার ও রাজনৈতিক শক্তি গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। গণমাধ্যমে তাদের নিজস্ব কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তাদের খুশি মতো শাসন করবে, শোষণ করবে। লুট করবে, খুন করবে, গুম করবে। সেই সাথে তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরির জন্য একটি গোষ্ঠী থাকবে। তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে।

মন্ত্রী আরও বলেন, দেশে একটি সঠিক গণমাধ্যম নীতিমালা নির্ধারণ প্রয়োজন। ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে মতবিনিময় হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পত্রিকা মালিক সমিতির বৈঠক হয়েছে। ফলে দেশে গণমাধ্যমের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় বিশেষ ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এ কে এম ইরাদত মানু প্রমুখ।

শুভ ঘোষ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।