চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে ৭ দিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে গত ৭ দিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সমুদ্র উত্তাল থাকা ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ৪ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে এ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যার মধ্যে নারী, শিশু ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। কুমিরা ঘাটে আসা অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ৪ দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার ফেরি ‘কপোতাক্ষ’ সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে বাঁশবাড়িয়া ঘাটে আসে এবং রোববার (৩ মে) পুনরায় ট্রিপ পরিচালনা করছে।
স্পিডবোট চালক শেখ আহম্মদ বলেন, সাগর উত্তাল হওয়ার কারণে সরকারিভাবে বন্ধ রয়েছে। আমরাও বসে আছি, কিছু করার নেই। মানুষের জীবনের নিরাপত্তা আগে দেখতে হবে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউদ্দিন বলেন, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে কুমিরা ঘাট থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় স্পিডবোট চলাচল চালু হবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম জাগো নিউজকে জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে গতকাল থেকে ফেরি চালু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় সব ধরনের নৌযান চালু করা হবে।
এ বিষয়ে জানতে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (ভারপ্রাপ্ত), বন্দর ও পরিবহন বিভাগ মো. কামরুজ্জামানের একাধিকবার ফোন দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
এম মাঈন উদ্দিন/কেএইচকে/জেআইএম