এমপি শান্ত

রাস্তার ইট যেন চুরি না হয়, জনগণকে সেদিকে নজর রাখতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ মে ২০২৬

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সেসব সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, আমাদের সরকার প্রান্তিক জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের চেষ্টা করছে। সরকার রাস্তা করে দেবে, কিন্তু সেটি দেখে রাখার দায়িত্ব আপনাদের। বাড়ির সামনের রাস্তাটি যাতে সুন্দর থাকে, ভেঙে না যায় এবং ইট চুরি না হয়—সেদিকে নজর রাখতে হবে।

শনিবার (৯ মে) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নে গ্রামীণ মাটির রাস্তাগুলোর টেকসইকরণের লক্ষ্যে ‘হেরিং বোন বন্ড’ (এইচবিবি) করণের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, সরকার প্রান্তিক পর্যায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এই উন্নয়নের সুফল ধরে রাখতে জনগণের অংশগ্রহণ জরুরি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে সরাসরি প্রশাসনকে জানান। আমরা সমাজকে নতুন করে ঢেলে সাজাতে চাই। আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি হাতে নিয়েছে।

অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সজল আলী/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।