সাজেক সড়ক অবরোধের ঘোষণা ইউপিডিএফ’র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটির
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৯ মে ২০২৬

রাঙ্গামাটির সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। রোববার (১০ মে) দিঘীনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৯ মে) সকালে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সাজেকের শুকনোছড়া গ্রামের একটি বাড়িতে সাংগঠনিক কাজ শেষে বের হওয়ার সময় ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণকে (৪৯) লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্ণ চাকমা নামে এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে ইউপিডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিবৃতিতে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আবু দারদা খান আরমান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।