মা দিবসেই ছেলের হাতে প্রাণ গেলো মায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:২২ এএম, ১১ মে ২০২৬

মা দিবসে ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ মে) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফিকে (২১) গ্রেফতার করেছে। নিহত লাকি আক্তার (৪০) ওই বাড়ির মো. মোস্তফার স্ত্রী।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মোস্তফার ছেলে রাফি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছিল। রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার, বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কী কারণে ঝগড়া হয়েছে তা নিশ্চিত নয়। তবে রাফি বেশ কিছুদিন ধরে পড়াশোনা ছেড়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে তারা শুনেছেন।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, রাফি নামের ওই ছেলে তার মাকে কুপিয়ে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।