ছাগলে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
মাগুরার শ্রীপুরে ছাগলে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ, বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) সন্ধ্যায় আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
জানা যায়, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের (৩৫) এর ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের (৫৫) জমির ফসল নষ্ট করে। এ ঘটনায় মোতাহারের ছেলে তরিকুল (৩০) সাজেদা বেগমের বাড়ির সামনে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে সুমন শেখ (৩০) নামের এক যুবক তাকে মারধর করলে সামাজিক দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সুজনের (৩০) বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসময় উভয় গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় জালাল শেখ গ্রুপের এক নারীসহ ৮ জন আহত হন। এ ঘটনার পর ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, ছাগলের জমির শাক খাওয়া নিয়ে প্রতিবেশীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিনারুল ইসলাম জুয়েল/এফএ/জেআইএম