ব্যবসায়ী হত্যাকাণ্ড: অভয়নগরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বুধবার (১৩ মে) উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন নওয়াপাড়ার সর্বস্তরের ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১২ মে) বিকেলে নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ।
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার ও সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন জানান, নিহত আনিসুর রহমান (৬৮) নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন। আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওয়াপাড়া বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন একাট্টা হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তারা জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ায় কঠোরভাবে হরতাল পালন করা হবে। এসময় কোনো দোকানপাট খোলা থাকবে না এবং যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে মাছ বাজার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ওষুধের দোকান খোলা থাকবে।
ব্যবসায়ী নেতারা সব শ্রেণির মানুষ ও ব্যবসায়ীদের হরতালে সহযোগিতা করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামী রোববার ও সোমবার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরও আসামিদের আটক করা না হলে অনির্দিষ্টকালের জন্য শিল্পশহর নওয়াপাড়াকে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এদিকে যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানা হেফাজতে নেওয়া হয়। আটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্টগ্রামের ডাবলমুরিং থানা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার দুপুরে তাকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মসজিদের সামনে আনিছুর রহমান তার নির্মাণাধীন ৬তলা ভবনের (আনিছ ট্রেড ভ্যালী) ম্যানেজার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পীরবাড়ির শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রধারী পূর্ব পরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে শাহ মো. মাহমুদ তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আনিছুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এর পরিচালক ছিলেন।
মিলন রহমান/এফএ/এমএস