মাদকবিরোধী অভিযানে দেশসেরা ময়মনসিংহ জেলা পুলিশ
মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে সারাদেশে প্রথম হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে দেশসেরা জেলা পুলিশের এই বিশেষ সম্মাননা ও পুরস্কার নেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের পরিসংখ্যান অনুযায়ী, জেলা পুলিশ ৩ কোটি ৬৯ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। এই চার মাসে জেলায় মাদকবিরোধী অভিযানে মোট ৪০৮টি মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে ৬৯৬ জনকে।
পুলিশের তথ্যা অনুযায়ী, জেলায় জানুয়ারি মাসে ১০৩টি মাদক মামলায় ১৫৬ জন, ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিল মাসে ১০৩টি মামলায় ২০২ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে ৭৯ হাজার ২২২ পিস ইয়াবা, ৪৬৬ দশমিক ৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা ও ৪০টি গাঁজা গাছ। এছাড়াও ৫২৪ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ১ হাজার ৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেবল জানুয়ারি মাসেই উদ্ধারকৃত মাদকের মূল্য ছিল ১ কোটি ১ লাখ ৮৩ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এই সফলতাকে জেলার প্রতিটি পুলিশ সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার লক্ষ্যে আমাদের কাজের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই অর্জন আমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে।’
এমএন/এমএস