সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৩ মে ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেক এলাকায় এই ঘটনা ঘটে।

গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়। এসময় বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।

উদ্ধারকৃত জেলরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম ও দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্ট টিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে অভিযান চালানো হয়। ডাকাতরা গুলি ছুড়লে বনকর্মীরা পাল্টা গুলি ছোড়ে। ডাকাতরা পরবর্তীতে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায়।

জিম্মিরা শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

নাহিদ ফরাজী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।