বিএনপি সরকারি অফিসগুলোকে দলীয় অফিসে পরিণত করেছে: আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, মানুষের অধিকার পূরণ না করে বিএনপি সরকারি কার্যালয়েগুলোকে তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। অথচ জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, সরকারি কোনো প্রতিষ্ঠান দলীয় কার্যালয়ে পরিণত হবে না, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখানে কাজ হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল জব্বার বলেন, সরকার জুলাই সনদ তথা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে। সেজন্য এখন মানুষ বিএনপিকে বিশ্বাস করতে চায় না। কারণ ৭০ ভাগ মানুষ জুলাইয়ের পক্ষে ও জামাতে ইসলামীর পক্ষে রয়েছে। তারা সরকার পরিচালনা করলেও প্রকৃতপক্ষে দেশের মানুষ ইসলামের পক্ষে, মজলুমের পক্ষে ও জুলাইয়ের পক্ষে রয়েছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি জেলা পরিষদ ও সিটি করপোরেশনের সবগুলোতে জনগণের প্রতিনিধি না দিয়ে তাদের দলীয় প্রতিনিধিদের দিয়ে ইতোমধ্যে সেগুলোকে তারা দলীয় কার্যালয়ে পরিণত করেছে। সরকার যেনতেন করে চলবে, মানুষের ওপর জুলুমবাজি করবে এটা আমরা হতে দেব না।
তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে পেছনে ফেলে তারা দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে কাজ করছে। অল্প সময়ের মধ্যে জনরোষ ও জনগণের প্রতিরোধ গড়ে ওঠে এমন কোনো পরিস্থিতি যেন বাংলাদেশের না হয় সেটা বিএনপি ও তার সরকারকে ভালোভাবে ভেবে দেখা উচিত।
নাজমুল হুদা/এমএন/এএসএম