ডাইভিং দুর্ঘটনা

মালদ্বীপে নিখোঁজ ইতালীয় নাগরিকদের খোঁজে চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৫ মে ২০২৬
মালদ্বীপ ডাইভিংপ্রেমী পর্যটকদের জনপ্রিয় গন্তব্য/ ছবি: এএফপি

মালদ্বীপে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনার পর নিখোঁজ চার ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। দেশটির কর্মকর্তারা শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাইভিং করতে গিয়ে মোট পাঁচ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে মালদ্বীপ কর্তৃপক্ষ।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু বলেছেন, নিখোঁজ চার ইতালীয়কে খুঁজে বের করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এক বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত ইতালীয় নাগরিক, নিখোঁজ চারজন এবং ক্ষতিগ্রস্ত সবার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।

মালদ্বীপের পর্যটনমন্ত্রী জানান, কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গভীর গুহার আশপাশের সমুদ্র এলাকায় তল্লাশি চালাচ্ছেন, যেখানে বৃহস্পতিবার বিকেলে তারা নিখোঁজ হন।

তবে শুক্রবারের উদ্ধার অভিযানে নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সরকারি মুখপাত্র মোহাম্মদ হোসাই শরিফ বলেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি উন্নতি হলে আবার শুরু হবে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজরা প্রায় ৬০ মিটার গভীর একটি গুহার ভেতরে আটকে পড়েছেন।

তার ভাষায়, আবহাওয়া ডাইভিংয়ের জন্য অনুকূল নয়। সমুদ্র অত্যন্ত উত্তাল। আমরা কোস্টগার্ডের সবচেয়ে বড় জাহাজ মোতায়েন করেছি এবং ইতালীয় কূটনীতিকরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের সাধারণত ৩০ মিটারের বেশি গভীরে ডাইভ করার অনুমতি নেই। কীভাবে তারা নির্ধারিত সীমার নিচে চলে গেলেন, তা নিয়েও আলাদা তদন্ত হবে।

দুর্ঘটনাটি ঘটে ভাভু অটোল এলাকায়, যা রাজধানী মালে থেকে স্পিডবোটে প্রায় ৯০ মিনিটের পথ।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় সমুদ্র খুব উত্তাল ছিল এবং যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য সতর্কতা জারি করা হয়েছিল।

১ হাজার ১৯২টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ ডাইভিংপ্রেমী পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কয়েকটি প্রাণঘাতী সামুদ্রিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে মালদ্বীপে সামুদ্রিক দুর্ঘটনায় অন্তত ১১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে ডাইভিং বা স্নোরকেলিং দুর্ঘটনায়।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।