শেবাচিমে রোগীর স্বজনদের সঙ্গে ওয়ার্ডবয়-নার্সদের হাতাহাতি, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৫ মে ২০২৬

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রোগীকে রক্ত দেওয়া নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে নার্স ও হাসপাতালকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারপাশিয়া গ্রামের বাসিন্দা সেলিমা বেগম থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে রক্ত নেওয়ার জন্য হাসপাতালে আসেন। তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নেওয়া হলে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক রোগীর চিকিৎসার পূর্ব ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেখতে চান। তবে স্বজনরা তা দেখাতে ব্যর্থ হন।

নিরাপত্তা ও সঠিক চিকিৎসার স্বার্থে চিকিৎসকরা রোগীকে বিশেষজ্ঞ পরামর্শের জন্য হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রেফার করেন। সেখানে রোগীদের ভিড় থাকায় তারা যেতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে রোগীর ছেলে এনামুল ও মেয়ের জামাই আবুল বাশার দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

অভিযোগ উঠেছে, রোগীর স্বজনরা ক্যাজুয়ালিটি বিভাগের ওয়ার্ড বয় ইমন মোল্লার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন নার্স শারমিন আক্তার ও দোলা। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে হাসপাতালের আনসার সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্যাজুয়ালিটি বিভাগের দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক মহিমা জামান জানান, রোগীর স্বজনরা কোনো ব্যবস্থাপত্র ছাড়াই সরাসরি রক্ত দেওয়ার দাবি জানান। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে রক্ত দেওয়া সম্ভব নয় বলে তাদের মেডিসিন ওয়ার্ডে যেতে বলা হয়েছিল। কিন্তু তারা কথা না শুনে উল্টো নার্স ও কর্মীদের ওপর চড়াও হন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।