ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যের কাছে মিললো ৯৬৩ সিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ১৫ মে ২০২৬

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিমসহ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি।

শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৪টায় সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪।

গ্রেফতাররা- হলেন সদর উপজেলার বাসিন্দা মো. মিনাতুর রহমান মিনাত (২৫) ও মো. শাকিব (২৪)।

jagonews24

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে রেলওয়ের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বাড়তি দামে বিক্রি করে আসছিল। বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিমসহ বিভিন্ন রুটের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিকিটগুলোর আসন সংখ্যা ১২টি এবং মোট মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ভোগান্তিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।