‘ভুলগুলো ক্ষমা করে দিও মা’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুনীল রবিদাস (২৫) নামের এক যুবক। এসময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল—‘মিস ইউ অল। আমার ভুলগুলো ক্ষমা করে দিও মা’। এতে দুটি মোবাইল নম্বরও লেখা ছিল ওই চিরকুটে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইলের মাঝুখান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুনীল রবিদাসের বাবার নাম মৃত লাল চন্দ্র রবিদাস। তিনি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ পিয়ন পদে কর্মরত ছিলেন।
সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তার বাড়ি ঢাকার হাজারীবাগ বিডিআর ১ নম্বর গেট, গণতলী, সিটি কলোনি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনীল রবি দাস রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় একটি ট্রেন আসতে দেখে তিনি প্রথমে লাইনের পাশেই নেমে দাঁড়ান। তবে ট্রেনটি কাছাকাছি পৌঁছালে হাতে থাকা একটি চিরকুট ফেলে দিয়ে আচমকাভাবে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করা হয়।
জিএমপি পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।
চিরকুটের উদ্ধৃতি দিয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক বিষয়ে ডিপ্রেশন থেকে সুনীল আত্মহত্যা করেছেন।
আমিনুল ইসলাম/এসআর/এমএস