মেয়েকে হত্যার দায়ে মায়ের ফাঁসি


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ৩১ জুলাই ২০১৬

গাজীপুরে সৎ মেয়েকে হত্যার দায়ে এক নারীকে ফাঁসি দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০) বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।

গাজীপুর আদালতের পিপি অ্যাড. হারিজ উদ্দিন আহমেদ ও এজাহার সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. শফিউল আলম (সাগর) ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন। তাদের সংসারে মোছা. সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুই সন্তান রয়েছে। এরা টঙ্গীর আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ৭ বছর পূর্বে স্ত্রী ফারজানাকে তালাক দেয় স্বামী শফিউল।

এর দুই বছর আগে শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকে সফিউল। মেয়ে সাদিয়া আলম জয়া লেখাপড়ার সুবিধার্থে বাবা ও সৎ মায়ের কাছে থাকতো।

বিষয়টি সৎ মা শাকিলা মেনে নিতে পারতো না। গত বছরের ১১ জুন জয়াকে হাত, পা বেঁধে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় শাকিলা। এক পর্যায়ে গত বছরের ১৩ জুন স্বামী সফিউল ভোরে মর্নিং ওয়ার্কে গেলে এই সুযোগে সৎ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় চাপাতি ও ছুরি দিয়ে জয়াকে কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ গুম করার জন্য বাথরুমে রাখে।

এ ব্যাপারে নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে শাকিলাকে আসামি করে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সৎ মা শাকিলাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের তদন্ত শেষে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়। হত্যা মামলায় আসামি সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি দোষী সাব্যস্ত হওয়ায় রোববার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে মৃত্যুদণ্ড দেয়।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. হারিজ উদ্দিন আহম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাড. ফাতেমা আক্তার জলি।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।