নির্বাচনের দিন খাবার না পেলেও কেন্দ্র ছাড়া যাবে না: আনসার কমান্ডার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের দায়িত্ব অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ। নির্বাচনের দিন হয়ত খাবার খেতে দেরি অথবা নাও খেতে পারেন, তাই আপনারা শুকনো খাবার ও খেজুর সঙ্গে নিয়ে কেন্দ্রে যাবেন। তবুও কেন্দ্র ছাড়া যাবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হচ্ছে ও গণভোট অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন ইতিহাস তৈরি করবে। অতীতে এমন ইতিহাস হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি উদাহরণ হবে।

তিনি আরও বলেন, আমরা গত দেড় বছর ধরে প্রস্তুতি নিতে শুরু করেছি। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাছাই, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অতীতে নির্বাচন প্রক্রিয়ায় এগুলো অনুসরণ করা হতো না। জেলায় ৫ হাজার ৫৬৪ জন সদস্য প্রস্তুত রয়েছে।

নির্বাচনের দিন খাবার না পেলেও কেন্দ্র ছাড়া যাবে না: আনসার কমান্ডার

তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে সকল সদস্যকে অটল পাহাড়ের ন্যায় দৃঢ় অবস্থানে থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বক্স ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

এসময় লক্ষ্মীপুর ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক শিরিন সুলতানাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, জেলার মোট ৪২৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।