ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২১ আগস্ট ২০১৬

কুমিল্লা শহরে এক ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নাসিমা আক্তার নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে ওই গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করা হয়। নাসিমা আক্তার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর উত্তর চর্থা এলাকার ডা. ইমাম উদ্দিনের বাসার ভাড়াটিয়া পূবালী ব্যাংক কর্মকর্তা রেহানা আক্তারের বাসায় প্রায় ৩-৪ মাস আগে গৃহপরিচারিকার কাজ নেয় নাসিমা আক্তার (১৫)। রোববার বিকালে ঘর তেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা জানান, কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।