কক্সবাজারে ১৫ কোটি টাকার মাদক ধ্বংস


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ আগস্ট ২০১৬

কক্সবাজারে ১৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)-১৭ ব্যাটালিয়ন। মঙ্গলবার দুপুরে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর দফতরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট ও উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম এবং তুমব্রু সীমান্ত পয়েন্টসহ বিভিন্ন এলাকায় বিগত ছয় মাসে বিজিবির হাতে জব্দকৃত এসব মাদক ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, সাড়ে চার লাখ পিস ইয়াবা, ৯ হাজার ৮৭২ বোতল বিদেশি মদ, ছয় হাজার বিয়ার ক্যান, ৪০ বোতল ফেন্সিডিল, ৫৫৫ লিটার দেশীয় মদ ও সাড়ে ৩৬ কেজি গাঁজা। যার বর্তমান বাজার মূল্য ১৫ কোটি এক লাখ ৮৩ হাজার টাকা।

এ সময় বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল তানভীর আলম খাঁন, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, কক্সবাজার সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. নাজ আক্তার হোসেন ও অতিরিক্ত পরিচালক মেজর মাহবুব সাবের, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মো. আবুল খায়ের, সেক্টর সদর দফতরের ভারপ্রাপ্ত এসএমও মেহেদী হাসান রবিন, সহকারী কমিশনার প্রমুখ উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।