মিঠাপুকুরে পেট্রল বোমা হামলার মামলায় গ্রেফতার ৯
রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন গ্রামে চলমান অবরোধে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা ও মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে ২ জন বিএনপির এবং জামায়াত-শিবিরের ৭ জন কর্মী রয়েছেন।
এছাড়া সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অন্যান্য মামলায় আরো ৪২ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জাগোনিউজকে বলেন, তাদের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মঙ্গলবার মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা ছাড়াও রংপুর মহানগরীতে ২৪ জানুয়ারি শনিবার রাতে ধাপ বেতারপাড়া এলাকায় ধান বোঝাই ট্রাকে পেট্রল বোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে, মাদক ব্যবসা ও সেবন, জুয়া, হত্যা, ডাকাতি, খুন, চুরি, ছিনতাই, রাহাজানি ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
উল্লেখ্য, ২০ দলীয় জোটের চলমান অবরোধে গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত দেড়টার দিকে কুড়িগ্রামের উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী মিঠাপুকুরের বাতাসন গ্রামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ ৪ জন এবং পরে ঢাকায় চিকিৎসাধীন আরো ২ জন মারা যান। এ ঘটনায় মিঠাপুকুর থানা পুলিশ সন্ত্রাস দমন ও বিষ্ফোরক আইনে বিএনপি ও জামায়াতের ৮৭ জনের নাম উলেখ করে অজ্ঞাত প্রায় ৫০ জনকে আসামি করে মামলা করে। অন্যদিকে ২৪ জানুয়ারি শনিবার রাতে ধাপ বেতারপাড়া এলাকায় ধানবোঝাই ট্রাকে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আরো একটি মামলা করে পুলিশ। এদুটি মামলায় এ পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের অন্তত ৩০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছে।
এমএএস