না.গঞ্জে প্যারাডাইস ক্যাবলস কারখানায় শ্রমিক অসন্তোষ
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারাডাইস ক্যাবলস কারখানায় এক সহকারী প্রকৌশলীর মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ করেন।
এদিকে কারখানাটিতে অ্যাম্বুলেন্স থাকার পরও মালিক পক্ষ তা ব্যবহারে অনুমতি না দেয়ায় রোগীকে সময় মতো হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয় বলে শ্রমিকরা অভিযোগ করেন।
অপরদিকে মালিকপক্ষের দাবি অ্যাম্বুলেন্সটি নষ্ট থাকায় সেটি ব্যবহার অনুপযোগী ছিল।
তাছাড়া ফতুল্লার দাপা এলাকায় একটি নির্মাণাধীন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু জানান, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় কারখানাটির সহকারী প্রকৌশলী হেমায়েতুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হন।
কারখানার অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় তাকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে প্রথমে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।
কর্তৃপক্ষের অবহেলার কারণে সহকারী প্রকৌশলী হেমায়েতের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ করতে থাকে। তবে তারা কোনো ধরনের ভাঙচুর করেনি।
এদিকে, বুধবার সকালে ফতুল্লার দাপা এলাকায় অবস্থিত ইষ্ট এশিয়ান কক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে বাশার ও মানিক নামে দুই শ্রমিক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নূর মহল তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার সানা শামীনূর রহমান জানান, প্যারাডাইস ক্যাবলসের কারখানার ভেতরে কে বা কারা গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্মাণাধীন ইষ্ট এশিয়ান কারখানায় একটি টিম পাঠানো হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহের উপ-মহাপরিদর্শক আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/এসএস/এবিএস