ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলার আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর থেকে মীর মোজাম্মেল হোসেন মনন ব্যবসায়ী নুরুজ্জামান রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফ্যাক্টরি ও মাদরাসা বন্ধ করে দেওয়া ও ব্যক্তিগত হামলার হুমকি দেওয়া হয়। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ৬ মার্চ রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিল চলাকালে অভিযুক্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে নুরুজ্জামান রানাকে ১০ লাখ টাকা দেওয়ার হুমকি দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পরদিন ৭ মার্চ রাতে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ করা হয়।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন বলেন, আমি সবসময় সৎ পথে থেকে রাজনীতি করেছি। কখনো কারও সঙ্গে অন্যায় করিনি। চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না। আমাকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। বহিষ্কারের কারণ জানতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছি। এর প্রতিবাদে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করব।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস