ট্যাম্পাকোর হতাহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা
টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় হতাহত শ্রমিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম আলম নিহত ২১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহত ২৫ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 
গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ জন নিহত ও ৩৮ জন আহত হয়। এতে এখনো ১১ জন নিখোঁজ রয়েছে।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তার ব্যক্তিগত তহবিল থেকে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, এনডিসি মামুন শিবলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক এসএম আলম বলেন, এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আরো যদি মরদেহ পাওয়া যায় তাদের স্বজনদেরও আর্থিক সহায়তা দেয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ছয়টি মরদেহ রয়েছে। এগুলো শনাক্ত করা যায়নি। উদ্ধার কাজ প্রায় শেষের পথে আমরা কিছু দিনের মধ্যে এটা সমাপ্ত করতে পারবো।
মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর