কুমিল্লায় সেনা কর্মকর্তাকে গুলি করে টাকা ছিনতাই
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সেনাবাহিনী কর্মকর্তা খলিলুর রহমানকে (৪২) গুলি করে চার লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা নগরীর একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার গোয়াল মথন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ খলিলুর রহমানকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করেন।
খলিলুর রহমান সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. সোলায়মানের পুত্র। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এসআই মো. মনির হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
জাগোনিউজকে তিনি জানান, খলিলুর রহমান কুমিলা নগরীর চাকবাজার ডার্চ বাংলা ব্যাংক শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার গোয়াল মথন রাস্তার মাথায় এলে মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত অটোরিকশার গতি রোধকরে তাকে গুলি করে টাকাগুলো ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এমএএস/পিআর