সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় চিকিৎসক প্রত্যাহার


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমরান খানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা যায়, রোববার দুপুরে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় আনিস নামে পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমরান খান প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন ও চ্যানেল নাইনের প্রতিনিধি আল মামুনকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে চিকিৎসক এমরান খান হাসপাতালের দালাল চক্রের সদস্য ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ডেকে এনে সাংবাদিকদের পেটাতে বলেন। এ ঘটনার পর ওই দুই সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের বিষয়টি অবগত করেন। পরে সাংবাদিকরা অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরীর সাথে দেখা করে লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আকবর হোসেন চৌধুরী জাগোনিউজকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর সোমবার এমরান খানকে জরুরি বিভাগ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।