কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নিহত ৭
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় আইকন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ১৬ জন।
মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। নিহতদের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অগ্নিদগ্ধদের মধ্যে ১৫ জনের পরিচয় মেলেছে। এরা হলেন নারায়নগঞ্জের আমির হামজা (২৬), বাবু (২৮), শফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৪৫), মাঈন উদ্দিন (২৫), ইমাম আলী (৩৫), সালা উদ্দিন (২৫), গোলাফ হোসেন (৩৫), ফরিদপুরের আরিফ হোসেন (২৫), মানিকগঞ্জের জিলকদ (৩০), নরসিংদীর মুন্না (১৫), কক্সবাজারের চকরিয়া উপজেলার জমির উদ্দিন (২১), রশিদুল ইসলাম (৪০), মো. হানিফ (২৮) ও যশোরের মারুফা বেগম (৩৫)। বাকী এক জনের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশন সর্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে উপেজলার মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে ঘটনাস্থলে এক মহিলাসহ মোট সাতজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
মো. নাজির আহমদ আরও জানান, হামলায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবীব আব্দুল্লাহ সোহেল জানান, অগ্নিদগ্ধ ১২ জনকে এখানে আনার পর আশঙ্কাজনক অবস্থায় ১১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিএ/পিআর