রাজশাহীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ৩
রাজশাহী মহানগরীর লিলি সিনেমা হল মোড় ও নওদাপাড়া এলাকায় পৃথক দুটি ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমা হামলায় ট্রাক দুটির চালক ও হেলপারসহ তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন ট্রাক-চালক সাইদুর রহমান (৫০) ও ফারুক হোসেন (৪৫)। আহত হেলপারের নাম বিশু (৪০)। সাইদুরের বাড়ি পবা উপজেলার ঠাকুরমারা এলাকায়। হেলপার একই উপজেলার ডাঙেরহাট এলাকার বাসিন্দা। ফারুকের বাড়ি নগরীর মশরইল এলাকার ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি বালুবাহী ট্রাক কাশিয়াডাঙ্গা থেকে পবা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি লিলি সিনেমা সিনেমা হল মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে।
এ সময় গাড়ির কাঁচ ভেঙে বোমাটি ভেতরে বিস্ফোরিত হলে ট্রাকের চালক ও ড্রাইভার গুরুত্বর দগ্ধ হয়।
অপরদিকে, নগরীর নওদাপাড়ার মুশরইল এলাকার ট্রাক-চালক ফারুক হোসেন বাড়ির পাশে ট্রাকটি সাইড করে বের হওয়ার সময় দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোঁড়ে। এ সময় ট্রাকটির ভেতরে আগুন লেগে গেলে চালক ফারুক অগ্নিদগ্ধ হন।
বিএ/পিআর