সিএমসি সদস্যদের বন পাহারা সামগ্রী বিতরণ
কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জাধীন কালির ছড়া বিটের বন রক্ষাসহ ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্যদের মাঝে বন পাহারা সামাগ্রী বিতরণ করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে সিআরপিএআরপি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপ্সা রোববার বিকেলে সদরের ঈদগাঁও কালিরছড়া বটি অফিস এলাকায় এসব সামগ্রী হস্তান্তর করে।
উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা একেএম আতা ইলাহী জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়ার পূর্বাংশের পাহাড়ি বন পাহারায় স্থানীয় দলিয়ারঘোনা, কাহাতিয়াপাড়া ও খাদেমেরপাড়ার বৃক্ষ ও পরিবেশপ্রেমী লোকজন নিয়ে বন রক্ষাসহ-ব্যবস্থাপনা কমিটি করা হয়।
তারা নিজেদের উদ্যোগে নিজেদের পোশাক পরিধান করে পালাক্রমে বন পাহারা দিয়ে থাকেন। দায়িত্বের প্রতি তাদের আরো মনোযোগী করতে সিআরপিএআরপি প্রকল্পের আওতায় কমিটির ২১ সদস্যকে জুতাসহ ইউনিফর্ম, ক্যাপ ও নিরাপত্তা লাঠি হস্তান্তর করা হয়। এ সময় কালিরছড়া বিট কর্মকর্তা সাইফুল ইসলাম, ইপসার কর্মকর্তা মুহাম্মদ ইউছুফ উদ্দিন উপস্থিত ছিলেন।
কালিরছড়া বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, সেন্ডেল ও স্বাভাবিক কাপড় পরিধান করে পাহারায় গেলে অনেক সময় উচু-নিচুতে উঠতে গিয়ে এবং জঙ্গলে লেগে তা ছিড়ে যায়। হস্তগত হওয়া পাহারা সামগ্রী দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। পাশাপাশি এগুলো পরা দেখলে কাঠচোররা বনে আসতে ভয় পাবে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর