৪ দিন ধরে নিখোঁজ মিঠাপুকুরের ভাইস-চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) হাতে আটকের চারদিন পেরিয়ে গেছে। এরপর আদালতে হাজির করা হয়নি মিঠাপুকুর উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানকে। ডিবি পুলিশের সাথে যোগাযোগ করেও কোন সন্ধান মিলছে না তাঁর।

নিয়ম অনুযায়ী যে কাউকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে তোলার নিয়ম থাকলেও বাসেতকে গত ৪ দিনেও আদালতে না তোলায় চরম উৎকন্ঠায় আর শঙ্কায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ গত ১ ফেব্রুয়ারি তাকে আটক করে নিয়ে যায়।

এর পর থেকেই নিখোঁজ রয়েছেন মারজান। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিল।

আবদুল বাসেতের পরিবারের অভিযোগ, মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১৫ জানুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের আজ পর্যন্ত আর কোন খোঁজ পাওয়া যায়নি। সেরকম আশঙ্কা প্রকাশ করে তারা বলছেন, বাসেতকে অনতিবিলম্বে আদালতে হাজির করা হোক।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।