পেট্রল বোমা হামলা : ফেসবুকে ছাত্রলীগের দায় স্বীকার!
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ফেসবুকের অফিসিয়াল পেজে পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করে পোস্ট দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই পোস্ট দেয়া হয়। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি, ‘এ্যাকাউন্ট হ্যাক’ করে শিবির ওই পোস্ট করেছে।
জানা গেছে, বাংলাদেশ স্টুডেন্ট লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট` নামে একটি ফেসবুক পেজে বেলা ১১টা ৫০ মিনিটে একটি পোস্ট আপডেট করা হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, `চিন্তা কর মামা কি ব্রেইন। পেট্রল বোমা ককটেল মারছি আমরা আর দোষ হচ্চে বিএনপি ছাত্রদল জামায়াত শিবির এর। একেই বলে পলিটিক্স।
প্রায় সাড়ে ৮ হাজার লাইকের ওই ফ্যান পেজে এই পোস্ট দেয়ার ১২ মিনিটের মাথায় ১২টি লাইক পড়ে। প্রায় ৪০ মিনিট পর ওই পোস্ট ডিলিট করা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জানান, রাবি ছাত্রলীগের নামে খোলা ওই পেজটি ছাত্রলীগের অফিসিয়াল পেজ। পেজের এ্যাডমিন ছাত্রলীগের দু’জন কর্মীর সঙ্গে পরে এ বিষয়ে আমার কথা হয়েছে। একজন এ্যাডমিনের ব্যক্তিগত একাউন্ট হ্যাক হওয়ায় তার একাউন্ট থেকে ওই পোস্ট দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের নিকট মৌখিকভাবে জানিয়েছি।
এদিকে গত তিন-চারদিন ধরে রাবির আবাসিক হলসহ ক্যাম্পাসের ভিতরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ছাত্রলীগের একটি গোপন সূত্র জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যাবস্থা জোরদারের জন্য বিভিন্ন সময় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী হাতবোমার বিস্ফোরণের সঙ্গে জড়িত।
এএইচ/পিআর