গোসলে নেমে নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০২ অক্টোবর ২০১৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মো. রিফাত হাসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রাস্তার পাড়া সংলগ্ন বাকখালী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মো. রিফাত হাসান নওগাঁর ফতেহপুরের গোলাম হায়দারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন বাকখালী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয়। পরে ইউপির দফাদার ও চৌকদাররা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানষ বড়ুয়া  জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, মরদেহটি নিখোঁজ শিক্ষার্থী মো. রিফাত হাসানের বলে ধারণা করা হচ্ছে। তারপরও শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সহপাঠীদের খবর দেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল (১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ৪৩ জন শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে আসেন। শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল রিগ্যাল প্যালেসে উঠেন তারা। পরে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সি-ইন পয়েন্টে গোসলে নেমে মো. রিফাত হাসান নিখোঁজ হন।

সায়ীদ আলমগীর/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।