বরিশাল বিভাগে হরতাল নিয়ে বিভ্রান্তি
বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের স্বাক্ষর জাল করে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভাগে হরতাল আহবানের ঘোষণা দেয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক এ ঘটনা ঘটানো হয়েছে বলে বলে দাবি করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় মজিবর রহমান সরোয়ারের স্বাক্ষর জাল করে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। কয়েকটি অনলাইন নিউজের স্থানীয় প্রতিনিধিরা খবরের সত্যতা যাচাই-বাছাই না করে তা প্রচার করলে নগরবাসী ও বরিশাল জেলা এবং মহানগর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন জানান, কে বা কারা এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে বুঝতে পারছি না। এটি সম্পূর্ণ ভুয়া ও ষড়যন্ত্রমূলক বলে জানান তিনি।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, শুক্র-শনিবার হরতালের বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না। এমনকি এ বিষেয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।
মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের সঙ্গে তার (জিয়া উদ্দিন সিকদার) যোগাযোগ হয়েছে। তিনি এ ধরনের কোন ঘোষণা দেননি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে অমানবিকভাবে গ্যাস, টেলিফোন সংযোগসহ সব প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা, তার নামে মিথ্যা হত্যা মামলা, দেশব্যাপি গণগ্রেফতার, গুম ও হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল বিভাগে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
এএইচ/পিআর