টেকনাফে ২ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির জওয়ানরা টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া পানের বরজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে প্যাকেটে মুড়ানো বস্তা ফেলে অন্ধকারে পাশের জঙ্গল দিয়ে পালিয়ে পাচারকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে, মঙ্গলবার মধ্যরাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে জওয়ানরা টেকনাফ সদরের লেঙ্গুরবিল সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময়ও পাচারকারীদল বিজিবির অবস্থান টের পেয়ে উপকূল দিয়ে পালিয়ে যাওয়ায় আটক থেকে রক্ষা পায়।
পৃথক অভিযানে জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৮ কোটি ৭০ লাখ টাকা। ইয়াবা ট্যাবলেটগুলো ২ ব্যাটালিয়ন সদর দফতরে রেখে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানা গেছে।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নাফনদী উপকূলে প্রশাসনের কড়া নজরদারী থাকায় ইয়াবা চোরকারবারীরা বঙ্গোপসাগর উপকূলকে ইয়াবা খালাসের নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে।
কতিপয় প্রভাবশালীদের মাধ্যমে ইয়াবা পাচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সায়ীদ আলমগীর/এফএ/পিআর