রামুতে ফের যুবক অপহরণ : মুক্তিপণ দাবি


প্রকাশিত: ১০:২৪ এএম, ০৫ অক্টোবর ২০১৬

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা রাস্তার মাথা থেকে এবার খামারিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোররাতে তাকে অপহরণ করা হলেও বুধবার বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃতের নাম মনির উদ্দিন (২৫)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কুমপাড়ার শামশুল আলম ফকিরের ছেলে।

অপহৃতের বাবা শামশুল আলম ফকির জানান, তার ছেলে ঈদগড়-বাইশারী সীমান্ত সংলগ্ন রাস্তার মাথায় হাসমত উল্লাহর মুরগির খামারে রাতে ঘুমিয়েছিলেন। ৪ অক্টোবর সকাল সাড়ে ৬টায় প্রতিবেশি জসিম উদ্দিন বাবুলের মুঠোফোনে অপহরণকারীরা তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে জানিয়ে দেন।
বিষয়টি তাৎক্ষণিক বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবু মুছাকে জানানো হয়। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে পাহাড়ি এলাকায় অভিযান চালান। কিন্তু বুধবার বিকেল ৪টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এসআই আবু মুছা বলেন, স্থানীয় লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপহরণটি রামু থানার আওতায় হওয়ায় রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে যৌথ অভিযান চালানোর প্রক্রিয়া চলছে।

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে একই কায়দায় ঈদগড়-ঈদগাঁও সড়কের ধুমছাকাটা থেকে বাইশারী ইউনিয়নের ছাত্রলীগ নেতাসহ তিন ব্যক্তিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহৃতরা ৩০ ঘন্টা পর ৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পান।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।