রাজশাহীতে পেট্রলবোমায় দগ্ধ হেলপারের মুত্যু


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫
ফাইল ছবি

সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ ট্রাক হেলপার শহিদুল ইসলাম (৩৮)।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শহিদুল রাজশাহীর পবা উপজেলার মোল্লার ডাইং এলাকার ইয়াসিন আলীর ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে এসআই বদিউজ্জামান জানান, আগুনে শহিদুল ইসলামের শরীরের ৬০ ভাগের বেশি পুড়ে গিয়েছিলো। আশঙ্কাজনক অবস্থায় তিনি বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

এদিকে, নিহত শহিদুলের স্বজনরা জানান, দুই মেয়ে ও এক ছেলের জনক শহিদুলই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এ অকাল মৃত্যুতে পুরো পরিবারটি পথে বসলো। তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া বাইপাস সড়কের ঠাকুরমারা এলাকায় বালুবাহী একটি ট্রাকে পেট্রলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে অগ্নিদগ্ধ হন ট্রাক চালক সাইদুল ইসলাম (৪০) এবং হেলপার শহিদুল ইসলাম (৩৮)। ওই রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রাসেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।