কাটছিলেন ধান, বুকসমান পানিতেই শেষ নিঃশ্বাস কৃষকের

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে ডুবে যাওয়া জমির ধান কেটে জমির কিনারায় নিতে গিয়ে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালি রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম ওয়ায়েস কুরুনি (১৮)। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের আশুরার বিল এলাকায় ধান কাটতে যান ওয়ায়েস কুরুনি। তিনি বুকসমান পানিতে ধান কাটছিলেন। পরে কাটা ধান জমির কিনারায় তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যান। এর বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

ওসি মিন্টু দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।