বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়ি চাপায় ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৩ মে ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন (৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত খালিদ হোসেন উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদরাসা থেকে বাবার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল খালিদ। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে রাস্তার ঝাঁকুনিতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ডভ্যানটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।