কুমিল্লায় বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১ এএম, ১৬ অক্টোবর ২০১৬

কুমিল্লায় আলমগীর হোসেন (৪৪) নামে এক বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও নিহেতর স্বজনরা জানান, প্রায় ২ মাস আগে বাকপ্রতিবন্ধী আলমগীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

দুপুর পৌনে ২টার দিকে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের ভাগিনা জসিম উদ্দিন মরদেহ  শনাক্ত করেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বদিউল আলম জানান, দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে শনিবার রাতের যেকোনো সময় শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।