উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে ঘিরে কুমিল্লা মহানগরী এখন যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে দলের জেলা কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ। তৈরি করা হয়েছে দৃষ্টি নন্দন তোড়ন। সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতা অংশগ্রহণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার জানান, এ জেলা থেকে ১২৫ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট অংশ নেবেন।

Comilla

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী মজিবুল হকের নির্দেশনায় জেলায় দলীয় কার্যক্রম অতীতের যে কোনো সময়ের চেয়ে চাঙ্গা, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তিনি আরও জানান, দক্ষিণ জেলা থেকে আওয়ামী লীগের সম্মেলনে ১৩৮ জন কাউন্সিলর ও ৫শ ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

এদিকে এ সম্মেলন ঘিরে উভয় জেলার দলীয় কার্যালয় নেতাকর্মীদের আগমন ও বিচরণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলের কার্যালয়গুলো রকমারী আলোকসজ্জায় সাজানো হয়েছে, নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। এছাড়া ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন এলাকা।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।