কক্সবাজারে রাবার বাগানের তিন প্রহরী অপহরণ


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৩ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুর ঈদগড় সীমান্তের পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে তিন প্রহরীকে অপহরণ করেছে সশস্ত্র অপরাধীরা। রোববার ভোর ৫টার দিকে হেডম্যানপাড়ার বেতঝুরি এলাকা থেকে পিএইচপি গ্রুপের ৮ নম্বর রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন-বাইশারী এলাকার সোলতান আহমদের ছেলে আজিজুল হক (৩৫), কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের নুরুল ইসলাম (৩৬) ও চকরিয়ার খুটাখালীর আবদুল শুক্কুর (৪০)।

বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ অপহৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, পিএইচপি গ্রুপের ৮ নম্বর রাবার বাগানের প্রহরী আজিজুল হক, নুরুল ইসলাম ও আবদুল শুক্কুর ফ্যাক্টরি পাহারা দিচ্ছিলেন। ভোর ৫টার দিকে ১০-১৫ জনের উপজাতীয় সশস্ত্র দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর অপহৃতদের মোবাইল থেকে ফোন করে প্রতিজনের জন্য ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। নুরু ও শুক্কুর পেশাগত কারণে পরিবার নিয়ে বাইশারী অবস্থান করতো।

অপহৃত আজিজুল হকের বড় ভাই সাবেক সেনা সদস্য আবদুল হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা জানান, তাদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

বাইশারী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারীরা অতিশয় দুঃসাহসী হয়ে উঠেছে। কিছু দিন পর পর এক জায়গা থেকে একেকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে ছাড়ছে তারা। তাদের টার্গেট থাকে সরকারি, বেসরকারি সংস্থার কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতা এবং ব্যবসায়ী ও শিক্ষার্থীও বাদ যাচ্ছে না।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।