রামুতে নৌকা বাইচ প্রতিযোগিতায় লোকারণ্য


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০১৬

কক্সবাজারের রামুতে বর্ণিল আয়োজনে শুরু হলো তিনদিনব্যাপি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ খেলা দেখতে বাঁকখালী নদীর দুই তীর ছিল লোকারণ্য। এবারের প্রতিযোগিতায় সদর ও রামু উপজেলার ২৬টি নৌদল অংশ নিচ্ছে।

শুক্রবার বেলা ২টায় রামু তেমুহনী স্টেশনের পূর্বপাশে বাঁকখালী নদীতে এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল।

তিনি বলেছেন, সাহিত্য-সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর কক্সবাজার-রামু। গ্রামীণ লোকজ ঐতিহ্যের খেলা নৌকা বাইচ। শত বছর আগে রামুর বাঁকখালী নদীতে রাখাইনরা নৌকা বাইচ খেলা শুরু করেন। কালক্রমে এই খেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। লোকজ ঐতিহ্যের এ খেলাগুলো ধরে রাখতে সরকার পৃষ্টপোষকতা করে যাচ্ছে।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান প্রমুখ।  

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।