তিন কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। এ সময় মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
২-বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, শুক্রবার গভীর রাতে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ সদর বিওপির নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর আলুগোলা প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আটকরা হলেন, মিয়ানমার মংডু সুদারপাড়া এলাকার হাফিজুরের ছেলে মো. রহমত উল্লাহ ও মংডু কাউয়ারবিল এলাকার মো. জাহিদুলের ছেলে মো. নুরুল আমিন।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদেরকে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।
অপরদিকে একই রাতে একই বিওপির নেতৃত্বে অপর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী সংলগ্ন ১নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, কয়েকজন যুবক একটি উপসড়ক দিয়ে আসার সময় টহল পুলিশ তাদের দাঁড়াতে বললে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বালিকা বিদ্যালয়ের সামনে থেকে রহমানকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি