বন্দি সাংবাদিকদের মুক্তি দিয়ে আইনের শাসনের প্রমাণ দিন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) (একাংশ)মহাসচিব এম আবদুল্লাহ বলেছেন, সকল মামলায় জামিন লাভ করা সাংবাদিক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে আইনের শাসনের প্রমাণ দিন। বিনা অপরাধে একজন সম্পাদক বছরের পর বছর কারাগারে থাকতে পারেন না।
কক্সবাজারে ‘মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের মুক্তি চাই, বন্ধ মিডিয়া খুলে দাও’ শীর্ষক সাংবাদিক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেক নির্যাতনের শেষ আছে। রাত যতো গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে। তিনি নির্যাতিত ও চাকরিচ্যুত সাংবাদিকদের ধৈর্য হারা না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন। পাশাপাশি অবিলম্বে সব সাংবাদিকের মুক্তি দাবি বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানান।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার প্রেসক্লাবে রোববার বিকেলে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব মোহাম্মদ শাহ নওয়াজ।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি জিএম আশেক উল্লাহ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ প্রমুখ।
সায়ীদ আলমগীর/এএম/এবিএস