চৌগাছায় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রানীয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, চৌগাছার রাণীয়ালি গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে কৃষ্ণপদ বিশ্বাস (৫০), অনুকূল বিশ্বাসের ছেলে নরহরি বিশ্বাস ও শিবু পদ বিশ্বাসের ছেলে অবনিশ্বর বিশ্বাস (৩৫)।
অপরদিকে, গণপিটুনিতে হামলাকারী আকরাম ও মিন্টু নামে ওই দুইজন আহত হয়েছেন। পুলিশ উদ্ধারের পর তাদের আটক করেছে।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ভোট কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাণীয়ালি গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী ওবাইদুর রহমান সবুজের তিন সমর্থকের ওপর আনারস মার্কার প্রার্থী শাহীন রেজার সমর্থকরা হামলা চালিয়েছে আহত করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রানীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, ভোট চলাকালে কেন্দ্রের পাশে একদল দুর্বৃত্ত তিনজনকে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ মিন্টু নামে এক সন্ত্রাসীকে আটক করে। দুইজন পালিয়ে যায়। তারা পাশে হিন্দুপাড়ায় একটি ঘরের মধ্যে গিয়ে ওঠে। এসময় ক্ষুব্ধ জনতা তাদের বের করে এনে পিটুনি দেয়। গণপিটুনিতে আহত আকরাম ও মিলন নামে ওই দুইজনকে পুলিশ উদ্ধারের পর আটক করে।
এদিকে, স্থানীয় নারী-পুরুষরা আগে আটক মিন্টুকে তাদের হাতে তুলে দেয়ার জন্য পুলিশের কাছে দাবি করে। পুলিশ আটকদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় জনতা পুলিশের গাড়িতে হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে গ্রামবাসীকে শান্ত করে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ঘটনাটি কেন্দ্রের পাশে ঘটেছে। তাই ভোটগ্রহণ নিয়ে কোনো সমস্যা হয়নি।
মিলন রহমান/এআরএ/এবিএস