কক্সবাজার জেলা জাপার সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ নভেম্বর ২০১৬

কক্সবাজার জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও সংসদ সদস্য মৌলভী ইলিয়াছকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার বিকেলে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শহর জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

শহর জাতীয় পার্টির সভাপতি কামাল উদ্দিন কামালের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, এমপি ইলিয়াছ দলের নাম ব্যবহার করে বিভিন্ন অফিসে ধান্দাবাজি করছেন। তার কাছে দলের কর্মীদের কোনো মূল্য নেই। এ কারণে দলের তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে হোটেলে বসে পরিবারের সদস্যদের নিয়ে জেলা কমিটি করেছেন। বহু বিতর্কিত এ কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের কারো আস্থা নেই। আগামী ডিসেম্বরের মধ্যে বিতর্কিত এই কমিটি ভেঙে সবার মতামত নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয় সমাবেশে।

দলের চেয়ারম্যান এইচএম এরশাদের সব মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে শনিবার বিকেলে শহর জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

কক্সবাজার শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মেহেরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জয়নাল আবেদীন, শ্রমিক পার্টির সভাপতি এস এম বাবর, কৃষক পার্টির সভাপতি সাইফুল হক, মহেশখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল হক প্রমুখ।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।