বিজিবির অসৌজন্যমূলক আচরণ : জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
তল্লাশির নামে শিক্ষার্থীদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টেকনাফের দমদমিয়া চেকপোস্ট এলাকায় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেন্টমার্টিন দ্বীপ থেকে ফিরে গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এই ঘটনা ঘটে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিব, বায়জেদ ও ইমরান বলেন, গত ৬ নভেম্বর জাবির ১৫০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে বের হন। বান্দরবান, কক্সবাজার বেড়িয়ে তারা ৯ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে যান। সেখানে এক রাত অবস্থানের পর ১০ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে দ্বীপ ত্যাগ করে জাহাজে করে সন্ধ্যা ৬টায় দমদমিয়া ঘাটে পৌঁছে।
এরপর তাদের বহনকরা গাড়ি দমদমিয়া বিজিবি চেকপোস্টে আসলে দায়িত্বরত বিজিবি সদস্যরা সেটি থামান। এসময় জাবির শিক্ষার্থী পরিচয় দেয়ার পরও প্রত্যেকের ব্যাগ তল্লাশি করা হচ্ছিল। এক পর্যায়ে বিজিবির জোয়ানরা এক ছাত্রীর শরীরে হাত দিয়ে তল্লাশি করতে চাইলে বসচা বাধে। এর প্রতিবাদ করতে গেলে অসৌজন্যমূলক আচরণ করে বসেন চেকপোস্টে থাকা বিজিবি জোয়ানরা।
এরপরই সব শিক্ষার্থী নেমে সড়কের উপর বসে পড়লে দুই পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পৌনে ৭টার দিকে ঘটনাস্থলে আসেন টেকনাফ উপজেলা কর্মকর্তা (ইউএনও) শফিউল আলম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, টেকনাফ-২ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রাসেল ছিদ্দিকী ও স্থানীয় নীলা ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারীসহ সংশ্লিষ্টরা।
ইউএনও এবং বিজিবি কর্মকর্তা দায়ীদের শাস্তির আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেন শিক্ষার্থীরা।
মেজর রাসেল ছিদ্দিকী বলেন, অসৌজন্যমূলক আচরণকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, শিক্ষার্থী ও বিজিবির জোয়ানদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। প্রশাসনের সহায়তায় এটি সমাধান করা হচ্ছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর