ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (যাত্রাবাড়ি-কাঁচপুর) পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর বিভাগ।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অভিযানকারী দল। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ-সচিব মো. মিজানুর রহমান।

এ সয়ম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির আলম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাছান ইমাম, মো. রাসেল মৃধা, সোহেল মাহমুদ প্রমুখ।

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, যাত্রাবাড়ি থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ ৮ লেনের মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কের পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সোমবার আমরা অভিযান শুরু করি। এর আগে আমরা মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশের প্রথম ৮ লেনবিশিষ্ট মহাসড়ক। সড়কটির প্রায়ে এক লেন দখল করে রেখেছিল অবৈধ দখলকারীরা। সেগুলো আজ উচ্ছেদ করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।