ঢাকায় বিমানবন্দরে গ্রেফতার কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১১টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় ২টি মামলা রয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার দুপুরে তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, আদালতে হাজির করার পর ১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।