কুমিল্লায় জোড়া খুন : ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি


প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৬ নভেম্বর ২০১৬

কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে জোড়া খুনের ঘটনায় আদালতে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ অন্যান্যদের নাম প্রকাশ করে বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজের আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গোলাম কিবরিয়া ও ইব্রাহিম খলিল নামের ওই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসে।

পুলিশ জানায়, টাঙ্গাইলের কারি রোস্তম আলীর ছেলে মোক্তার হোসেন তার বন্ধু দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের আমির হোসেনের ছেলে হাফেজ সালমান খাঁন সবুজকে নিয়ে গত ৭ নভেম্বর বুড়িচং উপজেলার নিমসার গ্রামের আব্দুল হাকিমের ছেলে সাইফুলের বাড়িতে আসেন।

দীর্ঘদিন সাইফুল ও মোক্তার হোসেনের মধ্যে মাদক ব্যবসার লেনদেন ছিল। একপর্যায়ে মোক্তার হোসেন সাইফুলকে মাদক বিক্রির টাকার জন্য চাপ দেন। এতে সাইফুল ক্ষিপ্ত হয়ে তার সহযোগী গ্রেফতার গোলাম কিবরিয়া ও ইব্রাহিম খলিলসহ অন্যান্যদেরকে নিয়ে মোক্তার ও সবুজকে পিটিয়ে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া জানান, মাদক বিক্রির টাকার লেন-দেনের বিরোধের জেরে জোড়াখুনের ঘটনা ঘটেছে। মামলায় গ্রেফতার গোলাম কিবরিয়া ও ইব্রাহিম খলিল আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সম্পৃক্ততাসহ অপর আসামিদেরর নাম প্রকাশ করেছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।